চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় দুইদিনে পুকুরের পানিতে ডুবে মো. সজীব (১২) এবং মায়েশা (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) সকাল ৯টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী ৮ন ওয়ার্ডের বড় পুকুর পাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো.সজীব বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী ৮নং ওয়ার্ডের বড় পুকুর পাড় এলাকার ওসমান গণি ফজুর ছেলে।
নিহত সজীবের চাচা মো. আলমগীর জানান, সকাল ৯টার দিকে জিলানী মসজিদ সংলগ্ন একটি পুকুরে গাছ থেকে তাল ঝরে পড়া তাল নিতে গিয়ে সজীব পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
অপর দিকে রবিবার (২৮ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে মায়েশা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ মসজিদ ঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মায়েশা বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী ফুলতল এলাকার মাহাদারো বাড়ির মো. আকতারের মেয়ে।
মায়েশার মামা রাশেদ জানান, বিকালে খেলার সময় মায়েশা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মায়েশা মায়ের সঙ্গে দুইদিন আগে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ওহিউদ্দিন এবং চিকিৎসক ডা. ইসরাত হোসাইন বলেন, রবিবার বিকাল ৪টা ৫০ মিনিটের সময় মায়েশা (৫) ও সোমবার (২৯ আগস্ট) সকাল ৯টার দিকে মো.সজীব (১২) নামে দুই শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাদের দুই জনকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছিল।